কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর গ্রামে নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদ হাসান কবির মঞ্জিলের।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় তাঁর নিজ বাড়িতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের একমাত্র মেয়ে মাইশা কানাডা থেকে বাড়িতে পৌঁছানোর পর জানাজার আয়োজন করা হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাহমুদ হাসান কবির মঞ্জিল গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে জামালপুরের এম এ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে প্রায় ১২ হাজার মাইল দূর থেকে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দেন মরহুমের পরিবারের অভিভাবক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমের বড় ভাই, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু।
জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
