মোঃ নুর ইসলাম বাপ্পী
ব্যুরো প্রধান রংপুর।
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ৩ নং আউলিয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কচুবাড়ি কাজীপাড়া এলাকায় নার্গিস পারভীন (৩৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নার্গিস পারভীন ওই এলাকার বাসিন্দা মো. কামরুজ্জামান কাজীর স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য তাঁর স্বামী মো. কামরুজ্জামান কাজী মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় স্ত্রীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ঘরের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখতে পান, তাঁর স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
এ দৃশ্য দেখে পরিবারের সদস্যদের মধ্যে কান্না ও আহাজারি শুরু হয়। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুই সন্তানের জননী নার্গিস পারভীনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের আবহ।
এ ঘটনায় ভূল্লী থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
