ইলিয়াস মাহমুদ
খাগড়াছড়ি।
খাগড়াছড়ির বিজিতলা-বেতছড়ি মারমা পাড়ার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে রাম্রাসাই মারমার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে নির্মিত পারাপার সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চেঙ্গী নদীর ওপর নির্মিত সেতুটির উদ্বোধন করেন মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আব্দুল মালেক। মহালছড়ি জোন ও বিজিতলা সাবজোনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেতুটির দৈর্ঘ্য ২২০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। প্রায় দুই লাখ টাকা ব্যয়ে রাম্রাসাই মারমা নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করেন। এতে স্থানীয় গ্রামবাসীরাও শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞান ত্রিপুরা এবং ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনুমং মগ। এ সময় বিজিতলা সাবজোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি চালু হওয়ায় বেতছড়ি মারমা পাড়াসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের পারাপার সমস্যা দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত, রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ এবং কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাতকরণে ভোগান্তি কমবে।
ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এ সেতু দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয়রা।
