কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরের চরপাড়া হাসপাতাল গেটের সামনে অবস্থিত ঐতিহ্যবাহী ‘বনানী ফার্মেসি’তে হামলা, ভাঙচুর, লুটপাট ও জোরপূর্বক দোকান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। গত ১ নভেম্বর (রোববার) সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ নভেম্বর সন্ধ্যায় হঠাৎ একদল প্রভাবশালী ব্যক্তি বনানী ফার্মেসিতে চড়াও হয়। এ সময় বাধা দিতে গেলে দোকানের কর্মচারী ও নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। পরে তাদের দোকান থেকে জোরপূর্বক বের করে দিয়ে প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ লুট করে বলে অভিযোগ করা হয়েছে।
তীব্র নিন্দা ও প্রতিবাদ
এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ব্যস্ততম এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলা, দখলদারিত্ব ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাধীন দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এ ঘটনাকে তারা আইনের শাসনের প্রতি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
প্রশাসনের কাছে জোর দাবি
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়েছে—
অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িত আসল উসকানিদাতা ও অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
লুটপাটকৃত মালামাল উদ্ধার এবং ভুক্তভোগীদের দোকান ফিরিয়ে দিয়ে তাদের জীবন ও সম্পত্তির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
”আমরা ন্যায়বিচার চাই, নিরাপত্তা চাই; কোনো অন্যায়, দখলদারিত্ব ও নির্যাতন চাই না।”—এই স্লোগানকে সামনে রেখে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
