কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরে রেলক্রসিংয়ের গেইট নামিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে জামালপুর শহরের বন্দের বাড়ি এলাকায় ঢাকা-জামালপুর রুটের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। একই দিন জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পৌর শহরের বন্দের বাড়ি এলাকায় জামালপুর-ঢাকা রেললাইনের রেলক্রসিংয়ের গেট নামিয়ে সেখানে টায়ারে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই”, “আজকের ধর্মঘট, সফল হোক সফল হোক” এবং “শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম” সহ বিভিন্ন স্লোগান দেয়।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের ব্যানার নিয়ে কয়েকজনকে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়। তবে ভিডিওটির স্থান স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
একই দিন জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে দলীয় নেতাকর্মীরা। সেখানে কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন।
এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনায় রেল ও সড়ক যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, রেললাইনে টায়ার জ্বালানোর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা এটা নিয়ে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চিতে জেলা পুলিশ সতর্ক রয়েছে।
