কাওছার আহমেদ,
নিজস্ব প্রতিনিধি।
ছোট ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন বড় ভাই। প্রায় ১৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার গোলবুনিয়া গ্রামে।
মারা যাওয়া দুই ভাই হলেন ৬৫ বছর বয়সী হাকিম তালুকদার ও তার ৭০ বছর বয়সী সৎ ভাই আজিজ তালুকদার।
পরিবারের সদস্য ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান ছোট ভাই হাকিম তালুকদার।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। ছোট ভাইয়ের দাফন শেষ হওয়ার কিছুক্ষণ পরই মারা যান বড় ভাই আজিজ তালুকদার। তিনিও দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাড়ীর বড় পুত্র নুরুল হক তালুকদার।
স্বজনেরা জানান, ছোট ভাই হাকিম তালুকদারের মৃত্যুর আগে দুই ভাই একসঙ্গে বসে কান্নাকাটি করেন। এ সময় তারা একে অপরের কাছে ক্ষমা চান। বড় ভাই আজিজ তালুকদার আগে থেকেই অসুস্থ ছিলেন। ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত ছোট ভাইয়ের জানাজা ও দাফন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান।
স্থানীয় বাসিন্দা হিমেল শেখ বলেন, দুই ভাইয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। ছোট ভাইয়ের মৃত্যুর পর বড় ভাইয়ের এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত। একই পরিবারের দুই ভাইকে এত অল্প সময়ের ব্যবধানে হারানোর ঘটনা সত্যিই খুব কষ্টের।
স্থানীয় বাসিন্দা আবির বলেন,ছোট ভাইয়ের মৃত্যুর পর বড় ভাইও মারা গেছেন, এমন খবর শুনে আমরা খুবই মর্মাহত হয়েছি। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
দুই ভাইয়ের জীবনের শেষ মুহূর্তের আবেগঘন ঘটনা এবং মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য স্বজন ও এলাকাবাসী।
