নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজিপুর উচ্চবিদ্যালয় মাঠে স্কুল চলাকালীন প্রতিদিন অবৈধভাবে মরিচের বাজার বসানোর অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মরিচের ঝাঁজে অসুস্থ হয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয় সচেতনমহল ও সংশ্লিষ্ট শিক্ষকরা বারবার আপত্তি জানালেও ব্যবসায়ীরা প্রতিশ্রুতি ভঙ্গ করে জোরপূর্বক এই হাট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, বিদ্যালয় চলাকালীন স্কুল মাঠের পুরোটাই মরিচ ব্যবসায়ী এবং পণ্য পরিবহনের বিভিন্ন যানবাহনের দখলে চলে যায়। মরিচের তীব্র ঝাঁজ ও গন্ধে শ্রেণিকক্ষে টিকতে না পেরে অনেক শিক্ষার্থী চোখ-নাক চেপে বারান্দায় বেরিয়ে আসতে বাধ্য হয়। শুধু তাই নয়, মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচলের পথও অবরুদ্ধ হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে লেখালেখি হয়েছিল এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন মিটিংয়েও তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। সে সময় ব্যবসায়ীরা কথা দিয়েছিলেন যে, চলতি বছর থেকে স্কুল মাঠে আর কোনো মরিচের হাট বসানো হবে না। কিন্তু ব্যবসায়ীরা তাদের দেওয়া সেই কথা রাখেননি। স্বার্থান্বেষী মহলের প্রভাবে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে এ ধরনের অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনো সভ্য সমাজে স্কুল মাঠে এভাবে মরিচের বাজার বসতে পারে—তাও আবার স্কুল চলাকালীন—এমন দৃশ্য কেবল আমাদের দেশেই সম্ভব। মরিচের ঝাঁজে শিক্ষার্থীদের চোখ ও নাক ধরে বারান্দায় বের হতে হয়।” তিনি আরও উল্লেখ করেন, এই অসঙ্গতি তুলে ধরতে গিয়ে তিনি বা সংশ্লিষ্টরা স্বার্থান্বেষী মহলের বিরাগভাজন হতে পারেন, তবুও শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পড়ালেখার পরিবেশ রক্ষায় এই অবৈধ হাট অবিলম্বে বন্ধ হওয়া জরুরি।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলের দাবি, অবিলম্বে বিদ্যালয় মাঠে এই মরিচের হাট বসানো চিরতরে বন্ধ করা হোক।
জরুরি হস্তক্ষেপ কামনা:
শিক্ষার্থীদের পাঠদান স্বাভাবিক রাখতে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আশু ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
