মির্জা গোলাম হাফিজ
বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য সংগ্রহ ও চিত্র ধারণ করে ফেরার পথে ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আনোয়ার আল শামিমসহ চার গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
১৪ নভেম্বর (শনিবার) ৩ টায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ সময় তাঁদের মারধর এবং পেশাগত কাজে বাধা দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ বালুখেকো চক্রের বিরুদ্ধে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার একটি পয়েন্টে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই অনিয়মের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আনোয়ার আল শামিমসহ চার সাংবাদিক সেখানে যান। তাঁরা তথ্য ও ভিডিওচিত্র ধারণ করে ফেরার প্রাক্কালে বালু উত্তোলনকারীদের একটি সংঘবদ্ধ চক্র অতর্কিতভাবে তাঁদের পথরোধ করে।
অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। শুধু তাই নয়, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং সত্য প্রকাশে বাধা দিতে তাঁদের জোরপূর্বক অবরুদ্ধ করে রাখা হয় এবং বিভিন্ন উপায়ে হেনস্তা করা হয়।
দায়িত্বরত সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা ও পেশাগত স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িত বালু ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানানো হয়েছে।
