কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার।
রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটা দুটির মালিককে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কাঠ পোড়ানো এবং প্রায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিবিশিষ্ট পাশাপাশি অবস্থিত দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ইটভাটা দুটির স্থাপনা ভেঙে ফেলা হয় এবং মালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
