মোঃ রমজান আলী
স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে নুরুল ইসলাম নাহিদের বাসভবনে অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিযান শেষে তাকে আটক করে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি উত্তরা পশ্চিম থানা হেফাজতে রয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
