কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের চরটগা গ্রামে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে অশ্লীল নাচ-গানের আসর বসানোর গুরুতর অভিযোগ উঠেছে। এতে এলাকার শান্ত পরিবেশ বিঘ্নিত হওয়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে চরটগা গ্রামের একটি নির্দিষ্ট এলাকায় স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় এই আপত্তিকর আসর পরিচালিত হয়ে আসছে। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এই অশ্লীল নাচ ও গান। উচ্চ শব্দে মাইক ও সাউন্ড বক্স বাজানোর ফলে আশপাশের এলাকার শিক্ষার্থী, বয়োবৃদ্ধ ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে সামনে পরীক্ষার্থী শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, গ্রামের স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে রাতে এই ধরনের অসামাজিক ও অবক্ষয়মূলক কার্যক্রম চালানো হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে চরম বিব্রতকর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়েও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাদের।
এলাকাবাসীর জোরালো দাবি, অবিলম্বে এই অপসংস্কৃতি ও অশ্লীল নাচ-গানের আসর স্থায়ীভাবে বন্ধ করা হোক। সমাজের এই অবক্ষয় রোধ এবং গ্রামের আইন-শৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
