মোঃ রমজান আলী
স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় রাজনৈতিক ও স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে।
উপজেলাভিত্তিক নির্বাচনী ধাপের তালিকা অনুযায়ী, জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত তালিকায় দেখা গেছে, ইসলামপুর উপজেলায় মোট ১২টি ইউনিয়নে এই নির্বাচন সম্পন্ন হবে। একই ধাপে জামালপুর সদর উপজেলায় ১৫টি এবং সরিষাবাড়ী উপজেলায় ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনের দ্বিতীয় ধাপের এই তালিকায় ইসলামপুর উপজেলার নাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে শুরু করেছেন। ফলে স্থানীয় হাট-বাজার ও চায়ের কাপের চুমুকে জমে উঠেছে নির্বাচনী আলোচনা।
স্থানীয় ভোটার ও সচেতন মহলের প্রত্যাশা, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। খুব শীঘ্রই নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার মাধ্যমে প্রার্থীর মনোনয়ন দাখিল, বাছাই ও প্রতীক বরাদ্দের দিনক্ষণ চূড়ান্ত হবে।
