ওমর ফারুক
হিলি হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিশেষ দোয়া মাহফিল এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) হিলি মডেল মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে উপজেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেজুর ও খাবার বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে মডেল মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।
প্রথম পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি প্রার্থনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হিলি মডেল মসজিদের খতিব মাওলানা হারুন মাজহারী।
দোয়া অনুষ্ঠান শেষে হিলিমডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেজুর ও রান্না করা খাবার পরিবেশন এবং বিতরণ করা হয়।
পবিত্র জুম্মার ফরজ নামাজ শেষে সম্মানিত মুসল্লীদের উদ্দেশ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনের মতো বিশেষ দিনকে অর্থবহ ও মানবিক করে তুলতেই কোমলমতি এতিম শিক্ষার্থীদের সঙ্গে খাবার ভাগাভাগি এবং দোয়ার এই আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, ওলামা দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
