নিজস্ব প্রতিবেদক।
সুনামগঞ্জের ধর্মপাশা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জামায়াতে ইসলামীর পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিন শাহ এর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন সাংবাদিক শাকিন শাহ।
সাংবাদিক শাকিন শাহ জানান, দীর্ঘদিন ধরে তিনি পাইকুরাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। এতে এলাকায় তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটি বিশেষ মহল রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়িয়েছে বলে তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বলে জানা গেছে।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা জামায়াতের আমির বুরহান উদ্দিন বলেন, তিনি জামায়াতে ইসলামী পাইকুরাটি ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক।বন্ধুপ্রতিম সংগঠন বিএনপির কাছ থেকে এমন আচরণ তাঁরা প্রত্যাশা করেননি। এটি ভুলবশত হয়ে থাকতে পারে। তবে এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
বক্তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি শাকিন শাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। একজন সাংবাদিককে রাজনৈতিকভাবে হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযোগ প্রমাণিত না হলে মামলা প্রত্যাহার এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান প্রতিবাদকারীরা।
