কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের সরিষাবাড়ী ও টাঙ্গাইলের ধনবাড়ী সীমান্ত এলাকা সয়া বাজারে ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’ নামের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালপুর ও টাঙ্গাইলের সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ তাদের শেষ সম্বল হারিয়ে এখন নিঃস্ব ও দিশেহারা।
প্রতারণার শিকার ভুক্তভোগী গ্রাহকরা শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সয়া বাজার এলাকায় সমিতি দুটির প্রধান কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একতা’ ও ‘গ্রামীণ সেবা’ সঞ্চয় সমিতির দুই মালিক রফিক ইসলাম ও আব্দুল লতিফ অধিক মুনাফার লোভ দেখিয়ে সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার হাজার হাজার সাধারণ মানুষের কাছ থেকে কষ্টার্জিত আমানত সংগ্রহ করেন। টাকা জমা করার পর সম্প্রতি তারা হঠাৎ করেই অফিস গুটিয়ে কোটি কোটি টাকা নিয়ে চম্পট দেয়।
কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক ভুক্তভোগী। সঞ্চয়কারীদের অনেকেই তাদের জীবনের শেষ সম্বল ও শেষ বয়সের সম্বলটুকু এই প্রতিষ্ঠানে আমানত হিসেবে রেখেছিলেন। এখন প্রতারকদের এই কাণ্ডে চরম অনিশ্চয়তা, হতাশা ও মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা।
মানববন্ধন থেকে ভুক্তভোগী গ্রাহকরা স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অভিযুক্ত রফিক ইসলাম ও আব্দুল লতিফকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে গ্রামগঞ্জের এসব অসহায় মানুষের ঘাম ঝরানো আমানতের ৭৫ কোটি টাকা দ্রুত ফেরত পাওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ জোর দাবি জানান তারা।
