নিজস্ব প্রতিবেদন ময়মনসিংহ নিউজ বিডি:
সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ৪০ লাখ ৪০ হাজার ৮২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই প্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য:
ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী ও স্কিন কেয়ার পণ্য
নামিদামি শাড়ি ও থ্রিপিস
অবৈধভাবে আমদানিকৃত বিভিন্ন ওষুধ
অন্যান্য চোরাচালানি সামগ্রী
উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০,৪০,৮২০ (চল্লিশ লক্ষ ৪০ হাজার আটশত বিশ) টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে চোরাচালান দমনে আমাদের অভিযান সবসময় কঠোরভাবে অব্যাহত রয়েছে। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
জব্দকৃত মালামালসমূহ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়াসহ আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
