ঢাকাThursday , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত

admin
নভেম্বর ১২, ২০২৬ ৫:৩৪ pm
Link Copied!

অর্থনীতি ডেস্ক: এশিয়ার বিভিন্ন দেশের নারী ব্যবসায়ীরা প্রযুক্তি, ব্যাংকিং ও করপোরেট খাতে নিজেদের অবস্থান অত্যন্ত শক্ত করে তুলেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার এবং প্রযুক্তি অবকাঠামোর মতো সম্ভাবনাময় খাতগুলোয় এখন সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন তাঁরা। এই সাফল্য কেবল প্রযুক্তি খাতেই সীমাবদ্ধ নেই, বরং ব্যাংকিং, আর্থিক সেবা, নবায়নযোগ্য জ্বালানি, প্রসাধনী ও খুচরা বিক্রির মতো প্রচলিত ব্যবসায়ও তাঁরা শীর্ষ আসনে আসীন হয়েছেন। বৈশ্বিক অর্থনৈতিক নানা অনিশ্চয়তার মধ্যেও নিজ নিজ প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে সম্প্রসারণে এসব নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

এশিয়ার বিভিন্ন দেশের সফল নারী উদ্যোক্তা ও শীর্ষ নির্বাহীদের নিয়ে প্রকাশ করা হয়েছে ফোর্বস এশিয়ার বিশেষ পাওয়ার বিজনেসওমেন তালিকা। এই তালিকায় এশিয়ার ১২টি দেশ ও অঞ্চলের মোট ২০ জন প্রভাবশালী নারী স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি তিনজন নারী রয়েছেন ভারতের। এ ছাড়া তাইওয়ান, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান থেকে দুজন করে এবং ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর থেকে একজন করে নারী এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন। পারিবারিক ব্যবসার উত্তরাধিকার সামলানোর পাশাপাশি অনেকে শূন্য থেকে বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন।

তালিকায় থাকা নারীদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি অবকাঠামো খাতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তাইওয়ানের জেসিকা চ্যাংয়ের প্রতিষ্ঠিত জেপিসি কানেক্টিভিটি এবং অড্রে সাইয়ের নেতৃত্বাধীন আইটিইকিউ এআই ডেটা সেন্টারের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সার্কিট বোর্ড সরবরাহে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। এ ছাড়া চীনের পেং লি ও চেন ওয়েইলিয়াংয়ের মেটাএক্স ইন্টিগ্রেটেড সার্কিটস এবং ওয়াং সিনর গুয়াংডং ডিটেক টেকনোলজি এআই চিপ ও সফটওয়্যার তৈরিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রযুক্তিপণ্যের বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এসব প্রতিষ্ঠান রেকর্ড পরিমাণ মুনাফা ও রাজস্ব আয় বাড়াতে সক্ষম হয়েছে।

প্রযুক্তির পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাতের নেতৃত্বেও এশিয়ার নারীরা দারুণ মুন্সিয়ানা দেখাচ্ছেন। ফিলিপাইনের ইউনিয়ন ব্যাংকের প্রধান আনা মারিয়া আবোইতিজ ডেলগাদো কিংবা ভারতের স্বতন্ত্র মাইক্রোফিনের প্রতিষ্ঠাতা অনন্যা বিড়লা আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন। ইন্দোনেশিয়ার বিসিএ ডিজিটালের ল্যানি বুদিয়াতি এবং জাপানের মনেক্স গ্রুপের ইউকো সেইমেইও নিজ নিজ প্রতিষ্ঠানে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে ভূমিকা রাখছেন। একইভাবে জ্বালানি, প্রসাধনী এবং ভোগ্যপণ্য খাতে থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের শীর্ষ নারী নির্বাহীরা আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্যবসার পরিধি উল্লেখযোগ্যভাবে বিস্তার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।