সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন।
তবে এ খবরকে এস এম ফরহাদ জানিয়েছেন ‘সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।’
চসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন বিষয়টি সম্পর্কে বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমকে ফরহাদ বলেন, ‘সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমার এই উপস্থিতিকে কেন্দ্র করেই সোশ্যাল মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে অংশ নেওয়ার খবর ছড়িয়েছে। তবে এ তথ্যের কোনো সত্যতা নেই।’
তিনি বলেন, ‘আমি এখনো ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত রয়েছি। আর সিটি নির্বাচনের বিষয়টি জামায়াতের বিষয়। জামায়াত সেখানে ইতোমধ্যে একজন প্রার্থী ঠিক করে রেখেছে। তিনি সে অনুযায়ী কার্যক্রমও শুরু করেছেন। তাছাড়া আমার সিটি নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছাই নেই।’
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে। এদিকে ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদেক কায়েমকে চূড়ান্ত করা হয়েছে।
