মোঃ রমজান আলী
স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এই সংঘর্ষে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, হামলার একপর্যায়ে থানার ভেতরে আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে আটককৃত নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের অভিযোগও পাওয়া গেছে।
অন্যদিকে, স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, একই সময়ে জেলার বিভিন্ন এলাকায় বিএনপির কার্যালয় ও বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে। এই সহিংস ঘটনায় পুরো গোপালগঞ্জ জেলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
