কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার।
গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের মামলায় মোঃ তৌহিদ আরমান সিমান্ত (৩৩) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি তৌহিদ আরমান সিমান্ত আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত তৌহিদ আরমান সিমান্ত গাইবান্ধা পৌরসভার গোডাউন রোডের পশ্চিমপাড়া এলাকার মোঃ রোমান আরফিন সুমনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাইবুদ্দিন সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলের সামনে মাদক কেনাবেচা চলছে।
পরে পুলিশ সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মোঃ শহিদুল ইসলাম শান্তর মাইক্রো গ্যারেজের ভেতর থেকে তৌহিদ আরমান সিমান্তকে ৪৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ছিল এক লাখ ৪৩ হাজার টাকা।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(গ) উপধারায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। আদালতের এ রায়ে তিনি সন্তুষ্ট। তিনি আরও বলেন, দেশব্যাপী মাদকের ভয়াবহ বিস্তার থেকে যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
