ঢাকাSunday , ২২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নাতি হত্যা ও বাবাকে কুপিয়ে জখম, ছেলের মৃত্যুদণ্ড

admin
নভেম্বর ২২, ২০২৬ ১১:০৪ am
Link Copied!

কাওছার প্রাচুর্য,
স্টাফ রিপোর্টার

জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ১১ বছর বয়সী নাতিকে জবাই করে হত্যা এবং বাবাকে কুপিয়ে গুরুতর জখমের মামলায় ছেলে মোঃ শাহ আলমকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই মামলায় মোঃ সোহাগ (২৮) নামের অপর এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ পাড়ার বাসিন্দা ও ঝলমলিয়া বাজারের বীজ ব্যবসায়ী মোঃ শাহাদৎ সর্দারের (৫৭) ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বাবার কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। চাপের মুখে বসতবাড়ির ভিটা থেকে ৮ শতক জমি লিখে দিলেও বাকি জমি নেওয়ার জন্য তিনি বাবার সঙ্গে শত্রুতা শুরু করেন।
এরই জেরে ২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে দস্তানাবাদের নিজ বাড়িতে শাহ আলমের প্রথম স্ত্রীর ১১ বছর বয়সী ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মোঃ আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। পরে রাত ৮টার দিকে শাহাদৎ সর্দার দোকান বন্ধ করে বাড়ি ফিরলে মূল ফটকের সামনে শাহ আলম ধারালো হাসুয়া দিয়ে তার মাথা ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ সর্দার তার মেয়ে মোসাঃ সীমা বেগমের মাধ্যমে নাটোর সদর থানায় একটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ১ নম্বর আসামি মোঃ শাহ আলমকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড) প্রদান করেন। পাশাপাশি বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে ৩০৭ ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড) দেওয়া হয়। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আদালত।
এছাড়া হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে দণ্ডবিধির ৩০২/১০৯ ধারায় একই এলাকার মোঃ আশরাফের ছেলে মোঃ সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাতক অপর আসামি মোঃ মিন্টুকে (৩৬) মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।