কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার
পিরোজপুরে নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অস্ত্রোপচার ও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে দেশ ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্লিনিকটির চিকিৎসক বাদলের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ তুলেছেন নবজাতকের বাবা তারিকুল ইসলাম। ক্ষুব্ধ পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চিকিৎসকের বিচার দাবি করেছে।
পরিবার সূত্রে জানা যায়, পিরোজপুরের জিয়ানগর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা ফাইজা আক্তারকে গত ১১ নভেম্বর দেশ ক্লিনিকে ভর্তি করা হয়। এসময় চিকিৎসক বাদল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভের পানির পরিমাণ কমে যাওয়ার কথা জানান এবং অস্ত্রোপচার না করলে নবজাতকের ঝুঁকি রয়েছে বলে দ্রুত সিজারিয়ানের পরামর্শ দেন। এরপর ২৫ হাজার টাকার বিনিময়ে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর অসুস্থ অবস্থায় জন্ম নেওয়া কন্যাশিশুটিকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর সকালে শিশুটি মারা যায়।
নবজাতকের বাবা তারিকুল ইসলামের অভিযোগ, চিকিৎসক গর্ভের পানি শুকিয়ে যাওয়ার কথা বললেও অস্ত্রোপচারের পর ক্লিনিকের রিপোর্টে পানির পরিমাণ ৯ দশমিক ৪২ শতাংশ দেখা যায়। ভুল তথ্য দিয়ে সিজার করানোর অভিযোগ তুলে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে নবজাতকের চিকিৎসায় যুক্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পাপিয়া বৈরাগী পূজা জানান, নির্ধারিত সময়ের আগে অস্ত্রোপচারের কারণে শিশুটির শারীরিক গঠন পূর্ণতা না পাওয়ায় জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।
অন্যদিকে এ বিষয়ে বক্তব্য জানতে দেশ ক্লিনিকের চিকিৎসক ও মালিক বাদলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
