কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে দেশে প্রত্যাবর্তনের অনুরোধ জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দিয়েছেন দলটির এক স্থানীয় নেতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চিঠির একটি কপি প্রকাশ করেন।
চিঠির মূল বক্তব্য
জামালপুরবাসীর পক্ষ থেকে লেখা ওই আবেদনপত্রে ছানোয়ার হোসেন ছানু উল্লেখ করেন, সীমান্তবর্তী স্থলবন্দরগুলো পর্যবেক্ষণ সংক্রান্ত শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দরকে একটি সম্ভাব্য প্রবেশপথ হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হচ্ছে।
চিঠিতে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার এবং শেখ হাসিনার নেতৃত্বের কথা উল্লেখ করে বলা হয়, ধানুয়া কামালপুর স্থলবন্দরকে ঘিরে জামালপুরের মানুষের বিশেষ আবেগ ও ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে। শেখ হাসিনার আগমন স্থানীয়দের জন্য একটি স্মরণীয় উপলক্ষ হবে বলে চিঠিতে দাবি করা হয়। আত্মগোপনে থাকা এই নেতা চিঠিটিকে কোনো ব্যক্তিগত প্রত্যাশা নয়, বরং জামালপুরের মাটি ও মানুষের পক্ষ থেকে একটি নিবেদন হিসেবে অভিহিত করেছেন।
প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া
ফেসবুকে চিঠিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকলেও ছানোয়ার হোসেন ছানু সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। এর আগে তার নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় কয়েকটি বিক্ষোভ মিছিল বের করেন, যে ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।
পুলিশ ও বিজিবির বক্তব্য
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই চিঠির বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের জানান, ফেসবুকে প্রকাশিত চিঠিটি পুলিশের নজরে এসেছে, তবে এর সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। জেলা পুলিশ নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সীমান্ত পরিস্থিতির বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বক্ষণিক সতর্ক রয়েছে।
