আকন্দ সোহাগ
মাদারগঞ্জ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রদলের সমর্থক আজমাইন হোসেন লাঞ্জুকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আজমাইন হোসেন লাঞ্জু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বক্তব্যে বলেন, “দল বিএনপি রানিং ক্ষমতায়, দু-চারটা সাংবাদিক, দু-চারটা পুলিশ ও প্রশাসন যদি পিটাপিটি না করতে পারি, তবে আবার কিসের ছাত্রদল!” তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।পরবর্তীতে বক্তব্যটির বিষয়ে জানতে পেরে মেলান্দহ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভুঁঞা জানান, বিতর্কিত ও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনবিরোধী কোনো কাজ করলে কিংবা শান্তির শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”আটককৃত আজমাইন হোসেন লাঞ্জুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
