মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা প্রতিনিধি
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দিবসের কর্মসূচি শুরু হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন ও ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়। এ সময় শিশু ও শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিয়ে হাত ধোয়ার সঠিক ছয়টি ধাপ ও কৌশল হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, “বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা। নিয়মিত হাত ধোয়া ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া, নিউমোনিয়ার মতো অনেক মারাত্মক রোগজীবাণুর সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
