মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা প্রতিনিধি:
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধা সরকারি কলেজে একটি সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) কলেজের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরা।
অভিযান চলাকালে কলেজের বিভিন্ন চত্বর, ক্লাসরুমের আশপাশ ও হাঁটার পথ পরিষ্কার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রসিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান। তাঁরা নিজেরাও উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’ স্লোগানকে সামনে রেখে একটি প্লাস্টিক ও আবর্জনামুক্ত আদর্শ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষ মনে করে, একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতার বিকল্প নেই। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু একদিনের কোনো আনুষ্ঠানিকতা বা কর্মসূচি নয়, বরং এটি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও কলেজের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
