কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
যাত্রীসেবার মান বৃদ্ধি, শিল্পায়নের প্রসার ও সহজ পণ্য পরিবহন নিশ্চিত করতে ঢাকা-জামালপুর রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। জামালপুর-৫ (আসন ১৪২) আসনের সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের এক আবেদনের (ডিও পত্র) ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেলপথ মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। চিঠিতে ঢাকা-জামালপুর রেলপথটি ডাবল লাইনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং কাজের অগ্রগতি প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ প্রসঙ্গে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন জানান, ঢাকা-জামালপুর রুটে প্রতিনিয়ত যাত্রী ও পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় সিঙ্গেল লাইনে ট্রেন পরিচালনায় নানা জটিলতা ও শিডিউল বিপর্যয় ঘটে। রেলপথটি ডাবল লাইনে উন্নীত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই ইতিবাচক নির্দেশনার খবর ছড়িয়ে পড়ার পর জামালপুরবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই দাবি পূরণের আশায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
