মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ডেকে নিয়ে বাড়ি ও গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারী বর্তমানে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে মো. গোলাপ উদ্দিন (২৩) বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর অভিযুক্ত সাদা মিয়া ওই নারীকে কৌশলে কাজের কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন। পরে সেখানে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় আরও কয়েকজন অভিযুক্ত এই নির্যাতনে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত নারীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন আছেন। মায়ের জরুরি চিকিৎসা ও দেখভাল নিয়ে ব্যস্ত থাকায় ঘটনার পরপরই থানায় অভিযোগ করা সম্ভব হয়নি বলে আবেদনে উল্লেখ করেছেন তাঁর ছেলে।
অভিযোগে প্রধান অভিযুক্ত সাদা মিয়াসহ সংশ্লিষ্টদের নাম উল্লেখ করে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
