কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। বৃহস্পতিবার সকালে তদন্ত কেন্দ্রটি ঘুরে দেখার পাশাপাশি তিনি নবনির্মিত গাড়ির গ্যারেজ উদ্বোধন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মাদক ও জুয়া প্রতিরোধে চলমান অভিযান অব্যাহত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরে তিনি পায়ে হেঁটে ভারতীয় সীমান্তবর্তী পাথরেরচর ও মাখনেরচর এলাকা পরিদর্শন করেন। সেখানে সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও পুশ-ইন ঠেকাতে পুলিশকে কার্যকর ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এবং সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
