ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৭০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১২ নভেম্বর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন হলেন মো. মিজানুর রহমান মীর (৫৭), মো. রিপন সরদার (৫৫) ও মো. জাহাঙ্গীর হোসেন (৪১)।
গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবরকান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান মীর শরীয়তপুর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
অন্যদিকে, রিপন সরদার সদর উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য। গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী। তিনি একই উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক লোকের অবস্থান, সড়ক অবরোধ এবং যানবাহনে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে ১২ নভেম্বর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস ফরাজী, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রতন সরদার, সাবেক মেয়র ইদ্রিস মাদবর, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী, জাজিরা উপজেলার স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহব্বত খানসহ ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার চারজনই মামলার এজাহারনামীয় আসামি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় ঘটে যাওয়া ঘটনায় ১২ নভেম্বর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। একই দিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
