কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
মাত্র ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘ ২৫ বছর ধরে চলেছে দুদকের মামলা। মামলায় ১১ জনকে আসামি করা হলেও অভিযোগের পক্ষে আদালতে প্রমাণ উপস্থাপন করতে পারেনি বাদীপক্ষ। অবশেষে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের রায়ে খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সহ মামলার আসামিরা।
১৪ নভেম্বর শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাবেক এই স্বাস্থ্য উপমন্ত্রী।
বর্তমানে তিনি জামালপুর জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। মামলার রায়ের পর নিজের প্রতিক্রিয়ায় সিরাজুল হক একে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে অভিহিত করেছেন।
২০০১ সালের ২৫ জুন মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মোঃ আইয়ুব আলী খান।
সিরাজুল হক জানান, বিএনপি সরকারের আমলে সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর নির্বাচনী এলাকার আকার বিবেচনায় তাঁকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে চেক দেওয়া হয়। বরাদ্দের অর্থ বিতরণ ও কার্যক্রম তদারকির দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা।
তাঁর দাবি, মোট ৫০০ থেকে ৬০০টি চেকের মধ্যে মাত্র ১১টি চেক নিয়ে আপত্তি তুলে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি পরে মারা যান। ফলে বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছিল। তাঁদের একজন মারা গেছেন বলে জানান সিরাজুল হক।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৮ জন সাক্ষী উপস্থাপন করলেও অভিযোগ প্রমাণ করতে পারেননি বাদীপক্ষ। অবশেষে গত ২ নভেম্বর বিশেষ জজ আদালতের বিচারক জনাব মোহাম্মদ তৌফিক আজিজ মামলার রায় ঘোষণা করেন এবং আসামিদের খালাস দেন।
মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে সিরাজুল হক বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে ও অন্যদের দীর্ঘদিন আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হলে সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনার ব্যবস্থা থাকা প্রয়োজন।
