মোঃ নুর ইসলাম
ব্যুরো প্রধান রংপুর।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বায়ো সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টায় ভূল্লী উপজেলার ভূল্লী বাজারের বটতলী এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বায়ো সোসাইটির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও বায়ো সোসাইটির উপদেষ্টা তাজউদ্দীন তাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী ও সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার সামাজিক ও মানবিক উন্নয়নে সংগঠনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি তাজউদ্দীন তাজু সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগকে আরও শক্তিশালী করতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা বলেন, বায়ো সোসাইটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কাজ পরিচালনার জন্য সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বায়ো সোসাইটির সাধারণ সম্পাদক সুমন রানা রব্বানী, সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনোরঞ্জন মিঠু, সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নুরে আলম, খোশবাজার কামিল মাদ্রাসার শিক্ষক মইনুউদ্দীন খাজা, বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল ইসলাম, শিক্ষক পরিমল শর্মা, শিক্ষিকা শাপলা বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বায়ো সোসাইটি ২০১৬ সাল থেকে ভূল্লী উপজেলায় বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
