মুহাম্মদ ওসমান গনি
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি ও রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া জামিউল উলূম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরীকে মুঠোফোনে চাঁদা দাবি এবং গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট এই কর্মসূচির আয়োজন করেন।
গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে একটি অজ্ঞাত মুঠোফোন নম্বর থেকে মাওলানা ইলিয়াস নুরীকে কল করে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হয়। হুমকিদাতা ১৫ মিনিটের মধ্যে একটি নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেয় এবং টাকা না দিলে যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি করে হত্যাসহ পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নেতা ওই দিনই রাউজান থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন।
প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন একজন প্রবীণ আলেম, শিক্ষাবিদ এবং জননন্দিত রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে ফোনে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়া চরম উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। অবিলম্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় হুমকিদাতা সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।
প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মাওলানা ইলিয়াস নুরী একজন সর্বজনশ্রদ্ধেয় আলেম এবং গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের ‘মোমবাতি’ প্রতীকে নির্বাচন করেছিলেন।
মানববন্ধনে চট্টগ্রাম মহানগর, দক্ষিন ও উত্তর জেলা, রাউজান ও রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতাকর্মী এবং বিভিন্ন স্থতরের আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশ নেন।
