মোঃ রমজান আলী
স্টাফ রিপোর্টারঃ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের মূল্যায়ন ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ে মেলান্দহ উপজেলার মর্যাদাপূর্ণ মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক পর্যায়ে সরিষাবাড়ি উপজেলার ঝালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে শ্রেষ্ঠ পরিচ্ছন্ন বিদ্যালয় হিসেবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয় দুটির প্রধান ও সংশ্লিষ্টদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ডেঙ্গুর বিস্তার রোধ এবং শিক্ষার্থীদের মধ্যে শৈশব থেকেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিশ্চিত করার লক্ষ্যে প্রতি মাসে একটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয়কে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সুধীসমাজ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর এই উদ্যোগ জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি অনুপ্রাণিত করবে।
