ঢাকাSunday , ১৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, ধানের দাম নিয়ে অসহায় কৃষকের ক্ষোভ

admin
নভেম্বর ১৫, ২০২৬ ৫:২৫ pm
Link Copied!

ইকবাল হোসেন রিংকু
মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারের বিস্তীর্ণ কৃষিজমিতে এখন সোনালি আমন ধানের সমারোহ। কোথাও ধান কাটছেন কৃষক, কোথাও চলছে আঁটি বাঁধা, মাড়াই ও শুকানোর কাজ। মাঠজুড়ে ভালো ফলনের দৃশ্য থাকলেও কৃষকের মনে নেই প্রত্যাশিত আনন্দ। উৎপাদন খরচের ঊর্ধ্বগতি আর বাজারে ধানের কম দাম তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এদিকে কৃষকদের আশঙ্কা, উৎপাদন ব্যয়ের তুলনায় ধানের বিক্রিমূল্য কম থাকলে আগামী মৌসুমে চাষাবাদ অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে। অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ঋণ নিয়ে জমিতে ফসল ফলান। ধান বিক্রির পর ঋণ পরিশোধ, শ্রমিকের মজুরি এবং কৃষি উপকরণের বকেয়া মেটাতে গিয়ে তাদের হাতে তেমন অর্থ অবশিষ্ট থাকে না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর মৌলভীবাজার জেলায় ৯৮ হাজার ৩৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার আবাদ বেড়েছে ৩৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রাও অতিক্রম করার আশা করছে সংশ্লিষ্ট বিভাগ। ধানের ভালো ফলন কৃষকদের শ্রমের সার্থকতা তুলে ধরলেও আর্থিক স্বস্তি ফিরিয়ে আনতে পারছে না। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ ক্রমবর্ধমান ব্যয় তাদের লাভের হিসাবকে অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে ছোট ও প্রান্তিক কৃষকেরা উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের উৎপাদিত ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ফসল ঘরে তোলার পরও ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা না থাকায় হতাশা বাড়ছে মৌলভীবাজারের কৃষকদের মধ্যে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের সেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকেরা। তাদের অভিযোগ, সরকারি প্রণোদনা, উন্নত জাতের বীজ, সার ও কৃষি পরামর্শ পাওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র কৃষকেরা তুলনামূলকভাবে বঞ্চিত হন। পাশাপাশি মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি না থাকার অভিযোগও রয়েছে।
আমরা ছোটখাটো কৃষক, ৫-১০ কিয়ার জমিতে ক্ষেত করি। কিন্তু কৃষি অফিসাররা মাঠে আসেন না, আমাদের কোনো মূল্যায়নও দেন না। যারা ২০০-২৫০ কিয়ার ক্ষেত করে, বড় বড় কৃষক, তাদের চিনে সরকারি সাহায্য-সহযোগিতা দেওয়া হয়। আমরা সরকারি সার, বীজ বা বিষ কিছুই পাই না।”
কৃষকদের ভাষ্য, ধানের ফলন ভালো হলেও কৃষি উপকরণের উচ্চমূল্য তাদের অর্থনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে। সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি বস্তা সারের দাম ১ হাজার ৫০ টাকা লেখা থাকলেও কিনতে হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। অন্যদিকে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৭৫০ টাকায়। একজন শ্রমিকের দৈনিক মজুরি ৮০০ টাকা হওয়ায় উৎপাদন ব্যয়ের সঙ্গে আয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা।
কৃষকদের দাবি, প্রতি মণ ধানের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি সারের দাম কমিয়ে কৃষি উৎপাদন ব্যয় সহনীয় পর্যায়ে আনার উদ্যোগ নিতে হবে।
কৃষকদের অভিযোগের বিষয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জালাল উদ্দিন বলেন, কৃষক পর্যায়ে উচ্চমূল্যে সার-কীটনাশক বিক্রির কথা শোনা গেলেও তারা যদি আমাদের কাছে সঠিক মেমো বা ভাউচার দেখাতে পারেন, তবে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। আর সব স্তরের কৃষকদের সমান সেবা দেওয়ার জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া আছে।
কৃষকের মুখে প্রকৃত হাসি ফোটাতে শুধু বাম্পার ফলন যথেষ্ট নয়; উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করাও জরুরি। কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ, সরকারি সহায়তার সুষম বণ্টন এবং মাঠপর্যায়ে কার্যকর কৃষিসেবা নিশ্চিত করা গেলে আমন চাষের সাফল্য কৃষকের আর্থিক স্বস্তিতে রূপ নিতে পারে। মৌলভীবাজারের কৃষকদের প্রত্যাশা, মাঠের সোনালি ধান এবার তাদের ঘরেও ফিরিয়ে আনবে স্বস্তি ও সচ্ছলতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।