মোঃ ইউনুস আলী
স্টাফ রিপোর্টার।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর নেওয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেছেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের সাগরের দিঘি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি প্রকল্পের পরিবেশ ও বসবাসের পরিস্থিতি ঘুরে দেখেন। পরে প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতু জান্নাত, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল বাশার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
