মোহাম্মদ গোলাম মোস্তফা
বিশেষ প্রতিনিধ।
জামালপুরের বকশীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জামালপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২৬-২৭ অর্থবছরের জিওবি খাতের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ পান করানো, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এ ছাড়া জন্মনিবন্ধনের গুরুত্ব, শিক্ষা, মানবিক মূল্যবোধ, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা এসব সামাজিক সমস্যা সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি নিজেদের অধিকার, দায়িত্ব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা পায়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং জামালপুর জেলা তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
