কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা শহরের হাটের মোড়ে গত দুই দিন ধরে অসহায় অবস্থায় বসে কান্নাকাটি করছেন এক বাক্প্রতিবন্ধী ব্যক্তি। কথা বলতে না পারায় নিজের নাম-পরিচয় ও বাড়ির ঠিকানা জানাতে পারছেন না তিনি। তাঁর সঙ্গে থাকা একটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের সন্ধান ও বাড়ি পৌঁছে দেওয়ার সহযোগিতা চেয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে নিয়ে আসেন স্থানীয় এক ব্যক্তি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার হাটের মোড়ে ওই ব্যক্তিকে কান্নাকাটি করতে দেখে এগিয়ে যান পুরাতন সাতক্ষীরার বসতিপাড়ার বাসিন্দা মোঃ সহিদুজ্জামান (সাইদুল)। তিনি জানান, বাজারের ভেতর দিয়ে যাওয়ার সময় হাটের মোড়ে ওই ব্যক্তিকে বসে কাঁদতে দেখেন। কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলে বুঝতে পারেন, তিনি কথা বলতে পারেন না। পরে বিভিন্ন অঙ্গভঙ্গি ও ইশারার মাধ্যমে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে থাকেন।
সহিদুজ্জামান জানান, ওই ব্যক্তি তাঁর পাজামা ধরে কান্নাকাটি করতে থাকেন এবং মাথায় হাত বুলিয়ে তাঁকে সঙ্গে নিয়ে যাওয়ার আকুতি জানান। এ সময় তাঁর কাছে থাকা কিছু টাকা দেখিয়ে এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সাহায্য চাইছিলেন। তাঁর কাছে একটি মোবাইল নম্বর পাওয়া গেলেও সেটিতে একাধিকবার কল করে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপস্থিত অনেকেই নম্বরটিতে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়।
ওই ব্যক্তির সঙ্গে ইশারায় কথা বলে সহিদুজ্জামান জানতে পারেন, তাঁর একটি ছোট সন্তান রয়েছে। তবে তাঁর বাড়ি কোথায়, পরিবারের সদস্য কারা কিংবা কীভাবে তিনি সেখানে এসেছেন—এসব বিষয়ে কিছুই জানা সম্ভব হয়নি। এ অবস্থায় তাঁকে একা ফেলে না রেখে পরিবারের সন্ধান ও প্রয়োজনীয় সহযোগিতার আশায় সাতক্ষীরা প্রেসক্লাবে নিয়ে আসেন তিনি।
সহিদুজ্জামান বলেন, “মানুষটি খুব অসহায় অবস্থায় ছিলেন। কান্নাকাটি করছিলেন, কিন্তু কথা বলতে পারছিলেন না। তাঁর কাছে কিছু টাকা রয়েছে এবং একটি ছোট সন্তান আছে বলে ইশারায় বোঝানোর চেষ্টা করেছেন। অনেক চেষ্টা করেও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তাই সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তাঁকে প্রেসক্লাবে নিয়ে এসেছি। কেউ তাঁকে চিনতে পারলে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।”
কোনো সহৃদয় ব্যক্তি ওই ব্যক্তিকে চিনতে পারলে অথবা তাঁর পরিবারের সন্ধান জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
মোঃ সহিদুজ্জামান (সাইদুল)
পুরাতন সাতক্ষীরা, বসতিপাড়া।
মোবাইল: ০১৭১৭১১৬৪৪২
