জামিল হোসেন
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজাইরা, লালপুর ও ফেনারবাঁক এলাকায় সুরমা নদীর উভয় তীরে বিআইডব্লিউটিএর ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও হুমকি-ধমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নদীর উভয় তীরে ইজারার নামে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে সাধারণ শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নানা ধরনের হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। এমনকি শ্রমিকদের মারধরের অভিযোগও তুলে ধরেন তারা।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায়, শ্রমিকদের হয়রানি, হুমকি ও মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানির প্রতিকারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় স্থানীয় শ্রমিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
