নব প্রাচুর্য,
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
নওগাঁ জেলা পুলিশের দায়িত্ব পালন শেষে বিদায়বেলায় নওগাঁবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। নিজের সর্বস্ব দিয়ে জেলা পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার কথা জানিয়ে তিনি বলেছেন, কতটুকু করতে পেরেছেন, সেই বিচারের ভার নওগাঁবাসীর ওপরই ছেড়ে দিলেন।
শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিদায়ী বার্তায় তিনি নওগাঁর মানুষের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় দায়িত্ব পালনকালে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে জেলা পুলিশের সবাইকে সঙ্গে নিয়ে অপরাধ প্রতিরোধে নেতৃত্ব দিয়েছেন। এ সময়ে সড়কে ডাকাতি প্রতিরোধ, ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন, অজ্ঞান পার্টির তৎপরতা নিয়ন্ত্রণ, শয়তানের নিঃশ্বাস দমন এবং বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ ছাড়া নওগাঁ শহরে ডিজিটাল সার্ভিল্যান্স সিস্টেম চালু, ই-প্রসিকিউশন ব্যবস্থা প্রবর্তন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে কাজ করার কথা তুলে ধরেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, নতুন পুলিশ সুপার এই উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা আরও এগিয়ে নিয়ে যাবেন।
দায়িত্ব পালনকালে সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর সব কর্মকাণ্ডে সাধারণ জনগণ, সাংবাদিক, পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা পেয়েছেন। নওগাঁবাসীর ভালোবাসা তিনি পেয়েছেন এবং তা গভীরভাবে উপলব্ধি করেছেন। এ জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নওগাঁবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি।
বিদায়ী বার্তার শেষাংশে নওগাঁর প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়ে তিনি লেখেন, ‘ভালো থাকুক, নিরাপদ থাকুক ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ সুজলা-সুফলা নওগাঁর জনগণ।’
একজন পুলিশ কর্মকর্তার কর্মজীবনে বিভিন্ন কর্মস্থল ও দায়িত্বের পরিবর্তন স্বাভাবিক। তবে কোনো কর্মস্থলে দায়িত্ব পালনকালে গৃহীত উদ্যোগ, মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক এবং রেখে যাওয়া কর্মের স্মৃতি তাঁকে দীর্ঘদিন মানুষের মনে বাঁচিয়ে রাখে।
নওগাঁ জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করে বিদায় বেলায় নওগাঁবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। কর্মস্থল পরিবর্তন হলেও নওগাঁর মাটি ও মানুষের প্রতি তাঁর এই ভালোবাসা বিদায়ী বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে।
