আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও প্রতিনিধি,
দীর্ঘদিনের ব্যস্ততা, সংসার ও কর্মজীবনের নানা ব্যস্ততা পেরিয়ে আবারও একসঙ্গে মিলিত হলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ‘রুহিয়া উচ্চ বিদ্যালয়–ব্যাচ ৮৮ পূর্ণমিলনী ২০২৬’ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে গিন্নি দেবী আগরওয়ালা মহিলা মহাবিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ পূর্ণমিলনী।
দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সহপাঠীরা। পুরোনো দিনের স্মৃতি, হারিয়ে যাওয়া গল্প আর বন্ধুত্বের মধুর মুহূর্তগুলো ভাগাভাগি করেন তাঁরা। কেউ স্মৃতিচারণ করেন শ্রেণিকক্ষের দুষ্টুমি, কেউ তুলে ধরেন শিক্ষকদের সঙ্গে কাটানো সময়, আবার কেউ ভাগ করে নেন জীবনের নানা অভিজ্ঞতা।
দিনব্যাপী এ আয়োজনে হাসি-আড্ডা, গল্প ও বিভিন্ন আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। দীর্ঘদিন পর বন্ধুদের একসঙ্গে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মনে হয়, যেন আবারও ফিরে গেছেন স্কুলজীবনের সেই সোনালি দিনগুলোতে।
সময় বদলেছে, বদলেছে জীবনের ব্যস্ততা; কিন্তু বদলায়নি বন্ধুত্বের টান। দীর্ঘদিনের দূরত্ব ভুলে একে অপরের সঙ্গে মিলিত হয়ে নতুন করে স্মৃতির ঝাঁপি খুলে বসেন ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা।
আয়োজনটি শুধু একটি পুনর্মিলনী নয়, বরং পুরোনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলা এবং স্মৃতির বন্ধনে আবারও এক হওয়ার এক আনন্দঘন উপলক্ষ হয়ে ওঠে। বন্ধুত্বের এই বন্ধন অটুট রেখে ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারী বন্ধুরা।
