শাকিল আহমেদ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ শিবেরবাজার বিওপির একটি বিশেষ অভিযানে ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি এবং একটি চোরাচালান কাজে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত টহলের অংশ হিসেবে ১০ বিজিবির একটি দল সুনির্দিষ্ট গোযেন্দা তথ্যের ভিত্তিতে শিবেরবাজার বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি এবং বহনকারী যানবাহনটি জব্দ করা হয়। জব্দকৃত বাজির আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
