কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় আসামি করা হয়েছে ছাত্রদল ও বিএনপির দুই নেতাকে। অভিযোগ উঠেছে, মামলার এজাহারে জেলা ছাত্রদলের এক সক্রিয় কর্মীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এবং জেলা বিএনপির সাবেক এক সহসম্পাদককে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের রাজনৈতিক পরিচয় নিয়ে এমন অসংগতির ঘটনায় স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। রাজনৈতিক পরিচয় যাচাই না করেই তাঁদের ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
মামলায় ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির নাম মোঃ নাঈম। তিনি জামালপুর শহরের আলিহারপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তাঁর পরিবারের দাবি, দীর্ঘ সাত বছর ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি অনুমোদিত জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদল দক্ষিণ শাখার কমিটিতে সদস্য পদ পান নাঈম। শুধু তাই নয়, নিজ এলাকার নিজের দোকানঘরেই বিএনপির কার্যালয় স্থাপন করেছেন তিনি। ওই কার্যালয়ের জন্য নাঈম কিংবা তাঁর পরিবার কোনো ভাড়া নেন না বলেও জানা গেছে। অন্যদিকে, একই মামলায় পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে জেলা বিএনপির সাবেক সহসম্পাদক আজাদ রূহানীকে। তাঁর দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
গত ৯ নভেম্বর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীনের দায়ের করা নাশকতার মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৭ জনকে আসামি করা হয়। মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে মোঃ নাঈমকে। এজাহারে তাঁকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই মামলার ৩ নম্বর আসামি জেলা বিএনপির সাবেক সহসম্পাদক আজাদ রূহানীকে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
এর আগেও ২০২৫ সালের ১৬ জানুয়ারি জামালপুর সদর থানায় দায়ের করা অপর এক নাশকতার মামলায় নাঈমকে ১৯ নম্বর আসামি করা হয়েছিল। ওই মামলাতেও তাঁকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, নাঈম ২০১৭ সাল থেকে ছাত্রদলের সঙ্গে জড়িত। ২০২২ সালে তাঁকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদলের একজন নেতাকে ছাত্রলীগ নেতা উল্লেখ করে মামলা করা উদ্দেশ্য প্রণোদিত।
জেলা বিএনপির সাবেক সহসম্পাদক আজাদ রূহানী মুঠোফোনে বলেন, জেলা বিএনপির বর্তমান কমিটির আগের কমিটিতে তিনি সহসম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ বিএনপির সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভাবে অংশ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। গত ৭ নভেম্বরও বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। এরপরও তাঁকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করে মামলায় আসামি করার কারণ বুঝতে পারছেন না। কে বা কাহারা, কী উদ্দেশ্যে তাঁকে মামলায় জড়িয়েছেন, সেই হিসাব মেলাতে পারছেন না বলে জানান তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন আজাদ রূহানী।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন। মুঠোফোনে তিনি বলেন, তাঁদের অভিযোগ সঠিক নয়। তাঁরা সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গত ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ নভেম্বর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করবে।
রাজনৈতিক পরিচয় নিয়ে এমন অভিযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
সংশ্লিষ্টদের বক্তব্য ও অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি উঠেছে। মামলার এজাহারে উল্লেখ করা রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত দলীয় সম্পৃক্ততার বিষয়টি কতটা সামঞ্জস্যপূর্ণ, এখন সেই প্রশ্নই সামনে এসেছে।
