মোহাম্মদ গোলাম মোস্তফা
বিশেষ প্রতিনিধি।
স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ না থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ও আবেদন-নিবেদন চললেও আজও নির্মাণ হয়নি কাঙ্ক্ষিত ব্রিজটি। ফলে যুগের পর যুগ দুর্ভোগ যেন এলাকার মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট খাল। খালটি গ্রামটিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। খালের দুই পাশে রয়েছে চলাচলের রাস্তা। কিন্তু ব্রিজ না থাকায় বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম ও কুতুবেরচর গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
বছরের অধিকাংশ সময় খালটিতে পানি জমে থাকায় মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। বর্ষা মৌসুমে নৌকায় খাল পার হতে হয়, আর শুকনো মৌসুমে ধানখেত মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই খাল পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে কোমলমতি শিক্ষার্থীরা।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। খালের পশ্চিম পাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। ব্রিজ না থাকায় উৎপাদিত ফসল বাড়িতে নিতে কৃষকদের বাড়তি কষ্ট ও সময় ব্যয় করতে হয়। অনেক ক্ষেত্রে প্রায় তিন কিলোমিটার ঘুরে ফসল পরিবহন করতে হচ্ছে। একইভাবে অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যবসায়ীদেরও বিকল্প পথ ব্যবহার করে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
এলাকাবাসীর দুর্ভোগের চিত্র আরও ভয়াবহ হয়ে ওঠে জরুরি পরিস্থিতিতে। বিশেষ করে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের। ধর্মীয় ও সামাজিক কাজেও খালটি পারাপারে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৬ বছর ধরে ব্রিজ নির্মাণের অপেক্ষায় রয়েছেন তারা।
বিলেরপাড় গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, “আমাদের অধিকাংশ আবাদি জমি বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে খালের পানি পেরিয়ে ফসল নিয়ে আসতে হয়। এতে অনেক কষ্ট হয়। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”
একই গ্রামের ছাত্তার মিয়া বলেন, “জুমার নামাজ আদায় করতে বিলের পূর্ব পাশে অবস্থিত জামে মসজিদে যেতে হয়। বর্ষাকালে নৌকায় করে খাল পার হয়ে মসজিদে যেতে হয়। একটি ব্রিজ না থাকায় আমাদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।”
স্থানীয় পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, “এমপি-মন্ত্রীসহ বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এমনকি বন্যায় গ্রামের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত নতুন করে নির্মাণ বা যথাযথ মেরামত করা হয়নি। জনদুর্ভোগ কমাতে বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণের পাশাপাশি রাস্তাটিও দ্রুত সংস্কার করা প্রয়োজন।”
এলাকাবাসীর দাবি, বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হলে পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন। এতে গ্রামীণ অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দেখা গেছে, খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। ব্রিজটি নির্মিত হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। তাই অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘ ৫৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি ব্রিজ নির্মাণ হবে—এমন প্রত্যাশা এখন পাঁচ গ্রামের হাজারো মানুষের।
