ময়মনসিংহ নিউজ বিডি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫০, লালবাগে ৭০, ওয়ারীতে ৯১, মতিঝিলে ৫৮, তেজগাঁওয়ে ৬৮, মিরপুরে ১৪৩, গুলশানে ২৯, উত্তরা বিভাগে ৫৫ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন। অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
