কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার।
ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়ন খাগাইল গ্রামে অমৃতলাল ভক্তের স্মৃতি স্মরণে ১৭৮তম বাৎসরিক মহোৎসব উপলক্ষে জমে উঠেছে ঐতিহ্যবাহী মেলা। এ মহোৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
মহোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেবের। তাঁর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হন আলহাজ্ব শামসুল ইসলাম সাহেব। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী দেবাশীষ চৌধুরী ও আতাউর রহমান আতা।
অনুষ্ঠানে আলহাজ্ব শামসুল ইসলাম বলেন, আমাদের সংসদ সদস্য মহোদয় এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। একজন জনপ্রতিনিধির একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা পেলে এলাকার রাস্তাঘাটসহ প্রয়োজনীয় সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
এ সময় তিনি মেলায় আগত ছোট-বড় বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পাশাপাশি উপস্থিত সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
১৭৮তম বাৎসরিক মহোৎসব ও ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে খাগাইল গ্রামসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। মেলায় বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে।
