মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলার সময় বাড়ির পাশের ডোবায় ডুবে একই বয়সের দুই চাচাতো-জ্যাঠাতো ভাইবোনের করুণ মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ এবং আশরাফুলের মেয়ে মিফতাহুল জান্নাত। উভয়েরই বয়স দুই বছর। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জন্মও হয়েছিল একই দিনে, আর মর্মান্তিকভাবে পৃথিবীও ছাড়ল তারা একই দিনে।
ঘটনার দিন সকালে পরিবারের লোকজনের অগোচরে শিশু দুটি বাড়ির বাইরে খেলতে যায়। একপর্যায়ে তারা বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়।
পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
