ঢাকাMonday , ৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ট্রলিম্যান থেকে শতকোটি টাকার মালিক: শাহজাহানের বিস্ময়কর উত্থান ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

admin
নভেম্বর ৯, ২০২৬ ৯:০২ am
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

পরিচিত এক কাস্টমস কর্মকর্তার মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সামান্য ট্রলিম্যান হিসেবে কাজ শুরু করেছিলেন। ২০১০ সালে তার মাসিক বেতন ছিল মাত্র ৮ হাজার টাকা। ঢাকায় এসে প্রথমে আর্থিক সংকটে পড়ে ইউসুফ আলীর একটি মেসে ওঠেন, যেখানে থাকা-খাওয়ার খরচ জোগাতেই হিমশিম খেতে হতো তাকে। অথচ মাত্র ১৪ বছরের ব্যবধানে সেই সামান্য ট্রলিম্যানই এখন শতকোটি টাকার সম্পদের মালিক! রূপকথার গল্পকেও হার মানানো এই অকল্পনীয় সম্পদের মালিক হওয়া ব্যক্তির নাম শাহজাহান।

​অনুসন্ধানে জানা গেছে, বিমানবন্দরে চাকরি করার সুবাদে জড়িয়ে পড়েন নানা অপকর্মে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, বিমানবন্দরকেন্দ্রিক অনিয়ম, স্বর্ণ চোরাচালান ও অর্থ পাচারের মারাত্মক অভিযোগ উঠেছে। এমনকি যে মেসে একসময় তিনি থাকার খরচ চালাতে কষ্ট পেতেন, দুই বছর আগে মধ্যস্থতাকারী ইসমাইলের মাধ্যমে সেই মেসটিই কিনে নেন শাহজাহান।

​রাজধানী ও গ্রামে অঢেল সম্পদ

শাহজাহানের সম্পদের তালিকা দেখে চমকে গেছেন তার সহকর্মী ও স্থানীয়রা। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানীতে তার যেসব সম্পদের সন্ধান পাওয়া গেছে:

​দক্ষিণখান: ‘সিনথিয়া অ্যান্ড সিলভিয়া কটেজ’ নামে একটি বিলাসবহুল ১০ তলা ভবন।
​আশকোনা: প্রায় ৬ কোটি টাকা মূল্যের একটি বড় ফ্ল্যাট এবং ১৮ কাঠা জমির ওপর নির্মাণাধীন আরেকটি বিশাল ভবন।
​উত্তরা: ১ নম্বর সেক্টরে নিজস্ব বাড়ি এবং ১৮ নম্বর সেক্টরে আরেকটি বাড়ি নির্মাণের কাজ চলছে।
​আশিয়ান সিটি: রয়েছে একাধিক বাণিজ্যিক ও আবাসিক প্লট।
​যানবাহন: চলাচলের জন্য রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি।
​শুধু রাজধানীতেই নয়, গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে ২০১০ সালে যেখানে ভিটেমাটি ছাড়া তেমন কিছুই ছিল না, সেখানে এখন শোভা পাচ্ছে এক দৃষ্টিনন্দন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। এক বিঘা জমির ওপর তৈরি করেছেন পুকুর, যেখানে শখ করে মাছ চাষ করেন। এছাড়া তার শ্বশুরবাড়িতেও বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।

​ব্যবসা ও বর্তমান পরিস্থিতি

বর্তমানে বিমানবন্দর কাস্টমস এলাকার সামনে ‘সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে তার প্রধান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হতো। রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহজাহান বর্তমানে আত্মগোপনে থাকলেও তার ম্যানেজারের মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড সচল রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​রাজনৈতিক খোলস পরিবর্তন

অল্প সময়ে এত বিপুল সম্পদের মালিক হওয়ার পেছনে তার রাজনৈতিক চতুরতা ও প্রভাব বড় ভূমিকা রেখেছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সখ্য গড়ে তোলেন এবং নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। এই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ২০২০ সালে ‘ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশন’-এর যুগ্ম সাধারণ সম্পাদক পদও বাগিয়ে নেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি রাতারাতি সুর বদলে ফেলেন এবং নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

​দুদকে অভিযোগ ও অনুসন্ধান

আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এই বিপুল পরিমাণ সম্পত্তি, স্বর্ণ চোরাচালান ও অর্থ পাচারের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযোগটি ইতোমধ্যে আমলে নিয়েছে দুদক। তবে এসব অভিযোগের বিষয়ে দুদকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি
​একজন সাধারণ ট্রলিম্যান থেকে কীভাবে এত বিপুল বৈভবে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হলেন শাহজাহান, তা এখন বিমানবন্দর এলাকা ও তার নিজ গ্রামের মানুষের মুখে মুখে আলোচনা ও চরম বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।