কাওছার আহমেদ
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শিমনা-বিবাড়িয়া সড়কটি এখনো পূর্ণতা পায়নি। প্রায় ৯.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি দিয়ে জেলা শহরে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তবে নানা জটিলতা ও দীর্ঘসূত্রতায় জর্জরিত এই সড়কে নতুন করে যোগ হয়েছে অপরিকল্পিত ও অবৈধ স্পিডব্র্রেকারের উৎপাত, যা সাধারণ যাত্রীদের যাতায়াতকে চরম দুর্বিষহ করে তুলেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৯.৫ কিলোমিটারের এই গুরুত্বপূর্ণ সড়কে নিয়মনীতি না মেনে যত্রতত্র প্রায় ১৫টি স্পিডব্র্রেকার নির্মাণ করা হয়েছে। অথচ বিশেষজ্ঞের মতে, এই দূরত্বের একটি সড়কে সর্বোচ্চ ৪ থেকে ৫টি সুনির্দিষ্ট পয়েন্টে স্পিডব্র্রেকার থাকলেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। শিমরাইলকান্দি ব্রিজের কাছের একটি স্পিডব্র্রেকার ছাড়া বাকি কোনোটিরই উচ্চতা বা সুনির্দিষ্ট মাপ বজায় রাখা হয়নি।
যানবাহন চালক ও যাত্রীদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত উঁচুতে এসব স্পিডব্র্রেকার নির্মাণের ফলে দুর্ঘটনার ঝুঁকি কমার পরিবর্তে বরং উল্টো বহুগুণ বেড়ে গেছে। বিশেষ করে রাতে উচ্চগতির কারণে ছোট-বড় যানগুলো আকস্মিক ঝাঁকুনিতে দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া মাত্রাতিরিক্ত উঁচু ও অপরিকল্পিত এসব স্পিডব্র্রেকারের কারণে রাতের বেলা ছিনতাই বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কাও করছেন চালকরা।
এদিকে এলাকাবাসীর ক্ষোভ অন্য জায়গায়। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে একটি সেতুর নির্মাণকাজ ঝুলে থাকা এবং সড়কটির নির্মাণকাজ পুরোপুরি শেষ না হতেই স্থানীয়দের একাংশের এমন অপরিকল্পিত পদক্ষেপে ক্ষুব্ধ সচেতন মহল। প্রশ্ন উঠেছে, উপজেলা প্রশাসনের নিয়মিত যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে এতগুলো অবৈধ স্পিডব্র্রেকার নির্মিত হলেও সংশ্লিষ্টদের চোখে তা কেন পড়ছে না? যেন দেখার কেউ নেই, যে যেভাবে পারছে ইচ্ছামতো সড়কটিকে ব্যবহার করছে।
বিজয়নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা ও আবেগের এই সড়কটিকে নিরাপদ ও চলাচল উপযোগী রাখতে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও চালকরা।
বিশেষ করে উপজেলা প্রকৌশলী মহোদয়ের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অনুরোধ জানিয়েছেন—অনুমোদনহীন ও অপরিকল্পিত স্পিডব্র্রেকারগুলো দ্রুত অপসারণ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
