ইকবাল হোসেন রিংকু
জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা সেবা চলাকালীন সময়ে ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। বুধবার ১৮ নভেম্বর দুপুরে হাসপাতালের নির্ধারিত কতৃপক্ষ ও সংশ্লিষ্ট তদারকি টিম বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে বেড ও বিভিন্ন কোণায় লুকিয়ে রাখা অবস্থায় বস্তা ও পলিথিনভর্তি বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা এবং চুন উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রনয় কান্তি দাশ, সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ হাসপাতালের কতৃপক্ষ। এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের কিছু রোগী ও তাদের সঙ্গে থাকা দর্শনার্থীরা ওয়ার্ডের ভেতরেই পান, জর্দা ও বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবন করে আসছিলেন। এর ফলে হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছিল এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ও পানের পিক ফেলায় অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল।
